প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০১:২১
মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা ও স্মরণ
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। জাতি আজ একই সঙ্গে যুদ্ধজয়ের আনন্দ, গৌরব এবং অগণিত শহীদের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন করছে বিজয়ের ৫৫তম বার্ষিকী।
ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুল ও পতাকা হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালির ওপর গণহত্যা চালায়। এরপর বাংলার বীর সন্তানরা মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসের সংগ্রামে ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির বিনিময়ে আসে চূড়ান্ত বিজয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের প্রতীক। তিনি গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলে তিনি উল্লেখ করেন।
