প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২২:১২

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ পাস

নিজস্ব প্রতিবেদক
সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ পাস

উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসনের লক্ষ্যে রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় এনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে এসব কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই আইনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথ সুগম হলো।

পাস হওয়া আইনে পূর্বের প্রস্তাব অনুযায়ী কলেজগুলোকে চারটি স্কুলে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। এর পরিবর্তে কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে একাডেমিকভাবে তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধিভুক্ত থাকবে।

নতুন ব্যবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি কার্যক্রম চালু থাকবে এবং শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি হবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট কলেজগুলো আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। তবে একাডেমিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই আইন প্রণয়নের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হলো।

উপরে