প্রকাশিত : ৩০ মে, ২০২৬ ১১:৪৩

শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। -ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

আজকের কর্মসূচি

শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনসহ সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিএন্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন তারেক রহমান। পরে রাজধানীর আরও ১৬টি স্থানে এ কর্মসূচি চলবে।

এছাড়া সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের আয়োজিত বিতরণ কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

ঐতিহাসিক অবদান

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন।

তিনি ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তার শাসনামলে খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে ব্যাপক পরিবর্তন আসে। তিনি শ্রমশক্তি রপ্তানির সূচনা করেন এবং সার্ক গঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন।

উপরে