প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ ২০:১৯

অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় বাছাই কমিটিতে বগুড়ার কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় বাছাই কমিটিতে বগুড়ার কালাম আজাদ
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া ব্যুরো প্রধান মো. আবুল কালাম আজাদ। - ফাইল ছবি

 দুর্ঘটনায় বা পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত বা নিহত সাংবাদিকের পরিবার, অসুস্থ সাংবাদিকের চিকিৎসা সহায়তা এবং অক্ষম ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা-অনুদান প্রদানের লক্ষ্যে সরকার একটি বাছাই কমিটি গঠন করেছে। এ কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া ব্যুরো প্রধান মো. আবুল কালাম আজাদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। গত ২৭ জুলাই জারি করা আদেশে জানানো হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সভাপতি করে ৯ সদস্যের এ বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রধান তথ্য কর্মকর্তা (তথ্য অধিদপ্তর), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস-২), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রবি, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), দৈনিক বাংলাদেশের খবর-এর সাবেক সিটি এডিটর কাউছার হোসেন খোন্দকার এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও তথ্য) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুসরণ করে বাছাই কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে। একই সঙ্গে সুপারিশের যৌক্তিকতা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সাব-কমিটির গাইডলাইন যথাযথভাবে অনুসরণের দায়িত্ব পালন করবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

উপরে